কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ঋণ নেওয়া যাবে যত খুশি তত

 

বিদ্যুৎ সরবরাহ লাইন
ফাইল ছবি

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঋণ নেওয়ার সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী পাঁচ বছর এসব প্রতিষ্ঠান ব্যাংক থেকে ইচ্ছেমতো ঋণসুবিধা নিতে পারবে। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই সুবিধা দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে দেশে সরকারি প্রতিষ্ঠানের বাইরে বেসরকারি খাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে এস আলম ও ওরিয়ন গ্রুপ। এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক এসএস পাওয়ারের নির্মাণকাজ চলছে চট্টগ্রামের বাঁশখালীতে। আর ওরিয়ন গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অপেক্ষায় রয়েছে।এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন করতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত কয়লাসহ অন্যান্য কাঁচামাল ক্রয় বা আমদানির ব্যয় নির্বাহের জন্য বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের জন্য ব্যাংক কোম্পানি আইনের ২৬ খ(১) ধারা আগামী পাঁচ বছরের জন্য কার্যকর হবে না। তবে ব্যাংক কোম্পানি আইনের ২৬ খ(১) ধারায় বলা আছে, কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রুপকে সংশ্লিষ্ট ব্যাংকের মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়া যাবে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে এ ধারা স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের সর্বোচ্চ সীমা কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সময়ে নির্ধারণ করে দেবে।








বাণিজ্য থেকে আরও পড়ুন


  • ঋণ  
  • বিদ্যুৎকেন্দ্র  
  • বাংলাদেশ ব্যাংক

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1