যুদ্ধের মধ্যেও যোগাযোগ চালু রাখবে রাশিয়া আর যুক্তরাষ্ট্র-NewsBD24

 

ইউক্রেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থান থাকার পরেও মস্কো এবং ওয়াশিংটনের যোগাযোগের চ্যানেল খোলা থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থেই ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কিন্তু যাদের সঙ্গে দরবার করা হচ্ছে, সেটা কর্মকর্তারা ভালো করেই জানেন।

এদিকে ইউক্রেনে যাতে কোন পারমাণবিক উত্তেজনা তৈরি না হয়, সেজন্য জ্যাক সুলিভানের নেতৃত্বে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, এরকম একটি খবর কয়েকদিন আগে ওয়াশিংটন জার্নালে প্রকাশিত হয়।

তবে সেই তথ্য স্বীকার করেছে হোয়াইট হাউজ।

ওই খবরে বলা হয়, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভ আর ক্রেমলিনের জ্যেষ্ঠ বৈদেশিক নীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভের সঙ্গে গত কয়েকমাস ধরে গোপনে আলোচনা করছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে ইউক্রেন যুদ্ধে পারমাণবিক উত্তেজনা নিরসন করা যায়, তা নিয়ে এই কর্মকর্তারা আলোচনা করেছেন। কিন্তু ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বিষয়ক কোন আলোচনায় তারা অংশ নেননি।গত মাসেই সুলিভান বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের কোনরকম ব্যবহার রাশিয়ার জন্য ‘মারাত্মক বিপর্যয়কর’ হবে।

তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়ের সোমবার বলেছিলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার অধিকার আছে যুক্তরাষ্ট্রের।

ইউক্রেনে অবৈধভাবে সংযুক্ত করা চারটি অঞ্চল রক্ষায় রাশিয়া পারমাণবিক অস্ত্রের আশ্রয় নিতে পারে, গত কয়েক মাস ধরে এরকম একটি আশঙ্কা করা হচ্ছে।

সেই সঙ্গে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকা পর্যন্ত যুদ্ধের সমাপ্তি নিয়ে কোন আলোচনা হবে না বলে ইউক্রেন যে ঘোষণা দিয়ে আসছে, প্রকাশ্যে সেসব কথা না বলার জন্যও তারা চাপ দিচ্ছে।

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1